দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক। রোববার (২ আগস্ট) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশের মাধ্যমে ফজলুল হককে এফবিসিসিআই-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আগামী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআই-এর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন। নির্বাচন শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
দায়িত্ব গ্রহণের পর মো. ফজলুল হক এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন। সভায় তিনি নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ওই আলোচনা সভায় এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর প্রশাসকের প্রতি সচিবালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, "সচিবালয় নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচন আয়োজনের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং নীতিগত অ্যাডভোকেসির কার্যক্রমেও অঙ্গীকারবদ্ধ থাকবে।"