মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার রামনগর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আমির হামজা ওই গ্রামের বাজার পাড়ার আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যবহৃত একটি স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ওপর উঠে খেলছিল আমির হামজা। সেই সময় চালক গাড়িটি চালু করে সামনে এগিয়ে নিলে সে নিচে পড়ে যায় এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা তাকে বামন্দীর ডা. ফজলুর রহমান ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে কুষ্টিয়া থেকে রাজশাহীতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"