শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং কার্যালয়ে তালা ঝোলানোর মুখে বরিশাল জেলা সিভিল সার্জন পদে সদ্য পদায়ন হওয়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলামের গত ৩০ জুলাই স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে সদ্য যোগ দেওয়া ডা. মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আগামী ৩ আগস্টের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।

জানা গেছে, গত ২৪ জুলাই ডা. মনিরুজ্জামান বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে যোগদানের পরপরই স্থানীয় শিক্ষার্থীদের মাঝে তার বিরুদ্ধে দুর্নীতি এবং স্বৈরাচারী সরকারের সহযোগী হওয়ার অভিযোগ ওঠে। ক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে অবরুদ্ধ করে এবং সিভিল সার্জন কার্যালয়ের কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেয়।

আন্দোলনের অংশ হিসেবে রোববার (২ আগস্ট) থেকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে শিক্ষার্থীরা সম্পূর্ণ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছিলেন। অবশেষে তার দ্রুত বদলির প্রজ্ঞাপন জারির পর আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।