সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হবে।"
দুবাইয়ে বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে হুমায়ুন কবির জানান, এ বিষয়ে সর্বশেষ তথ্য তার কাছে নেই। তিনি বলেন, "আমি বিভিন্ন বৈঠক থেকে এসেছি। বিষয়টি সম্পর্কে আপডেট না জেনে মন্তব্য করা ঠিক হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।"
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি জানান, হুতি গোষ্ঠীর হুমকি মোকাবিলায় গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে। তবে এই জোটে যোগ দেওয়ার অর্থ ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয় বলে তিনি স্পষ্ট করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর এবং যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করছে, এটি তারই ধারাবাহিকতা।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, দুবাইয়ের কারাগার থেকে বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করেন এবং আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পান।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশের সহযোগিতা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে বেনজীর আহমেদকে আটক করা হয়েছিল।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদক তদন্ত শুরু করে এবং একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গত বছরের ১০ ফেব্রুয়ারি ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।