ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক চায়ের দোকানসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মৃতরা হলেন পীরগঞ্জের কুশারীগাঁও গ্রামের শান্তি রানী (৪৫) এবং রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুহি রাম রায় (৫০)। আহত হয়েছেন কুশারীগাঁও গ্রামের সালন রায় (৪৫) ও রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের টেপরা রায় (৬০)।

স্থানীয় সূত্রে ও পুলিশ থেকে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হালকা বৃষ্টি শুরু হলে শান্তি রানীর চায়ের দোকানে বসে থাকা চারজন হঠাৎ বজ্রপাতে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তি ও সুহিকে মৃত ঘোষণা করেন। পরে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, "এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।"