রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নৌপথ সচল করার পাশাপাশি নদীগুলোর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "সভায় রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।"

শাহাদাৎ স্বাধীন আরও জানান, "সভায় নৌপথ সচল করার পাশাপাশি কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।"

পরিবেশ সুরক্ষা এবং নদীতীরের নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে নদীর পাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

উক্ত সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।