নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (২ আগস্ট) ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা এই তথ্য নিশ্চিত করে জানান, "বর্তমানে মোমনুল ইসলামের মরদেহ হিমাগারে রাখা হয়েছে।"

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি সভা শেষ করার পর হঠাৎ অসুস্থ বোধ করেন ডা. মোমেনুল। কিছুক্ষণের মধ্যেই তিনি রক্তবমি শুরু করেন। দ্রুত তাকে মোহনগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ডা. মোমেনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে (৩৩তম ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পেশায় একজন সার্জন ছিলেন। ২০২৫ সালের মে মাসে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে। ডা. মোমেনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা এবং মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এছাড়া মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনও গভীর শোক প্রকাশ করেছেন।