ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এসব নৌরুটে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়া হবে।

নদীপথ সচল করার পাশাপাশি নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা রক্ষা এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদীর তীরবর্তী নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নদীতীরের সৌন্দর্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উক্ত সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।