সড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোটরসাইকেলকেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার আওতায় আনছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএর দেওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে অনেক মোটরসাইকেল চালক পেছনের নম্বর প্লেটের তিনটি সংখ্যা আংশিক ঢেকে চলাচল করেন, যাতে এআই ক্যামেরা যানবাহন শনাক্ত করতে না পারে। নম্বর প্লেট শুধুমাত্র পেছনে থাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অনেক ঘটনা স্বয়ংক্রিয় ক্যামেরায় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
এই সমস্যা সমাধানে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি কার্যকর করতে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোটরসাইকেলের মোট সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে এই বিপুল সংখ্যক মোটরসাইকেলও এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থার কার্যকর আওতায় আসবে।