নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে প্রতিপক্ষের সশস্ত্র হামলা ও গুলিতে মোমেন মিয়া নামে ওই কৃষক প্রাণ হারান। এই ঘটনায় গুলিবিদ্ধসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত মোমেন মিয়া (৬০) সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের সরকার বাড়ির শহীদ মিয়ার ছেলে মো. নাজমুলের নাম জানা গেছে; তবে বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদাগরকান্দি গ্রামের বাসিন্দা মোমেন সরকারের সমর্থক এবং একই গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য (মেম্বার) আবুল কাশেমের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই সকাল ৯টার দিকে সাবেক মেম্বার কাশেম ও ফরিদের পক্ষের ২০-২৫ জনের একটি সশস্ত্র দল চেয়ারম্যান সমর্থক কৃষক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোমেন মিয়াসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের মধ্যে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"