গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইয়াবাসহ রেজাউল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরবর্তীতে তাকে কোনাবাড়ী থানা পুলিশের custody-তে হস্তান্তর করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে রেজাউল করিম কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আরপি চেক পোস্টে পৌঁছান। আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে বলে জানা গেছে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় রেজাউল করিমের আচরণে সন্দেহ করেন দায়িত্বরত কারারক্ষীরা। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, "কারাফটকে তল্লাশি করে ইয়াবা পাওয়ায় তাকে আটক করে কারারক্ষীরা। পরে তারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"