গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক স্কুলছাত্রী ও এক যুবককে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নয়ন গোলদার (৪৫)।

আজ রোববার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাশিয়ানী থানার পুলিশ। নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান মুক্তকণ্ঠকে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। নির্যাতনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, এই ঘটনায় চরম অপমান ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।