যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে বাবার রেখে যাওয়া ২২ বিঘা জমি অবৈধভাবে দখলের অভিযোগ তুলে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বোন স্নেহলতা পারভীন বিউটি।
রোববার (২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পারভীন বিউটি অভিযোগ করেন, তাদের প্রয়াত বাবা হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি উত্তরাধিকার সূত্রে ওয়ারিশদের মধ্যে বণ্টনের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু মামলা চলমান থাকা সত্ত্বেও মেঝো ভাই ব্যারিস্টার রাসেল ও ছোট ভাই আল-ইমরানের প্রাপ্য অংশসহ বসতবাড়ির জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, চৌগাছা থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগিতায় স্থানীয় সশস্ত্র লোকজনকে সঙ্গে নিয়ে তাদের বসতবাড়িসহ প্রায় ২২ বিঘা জমি দখল করেন ব্যারিস্টার রাসেল। এ সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, গত ১৮ জুন এবং ১৬ জুলাই সশস্ত্র বাহিনী নিয়ে মাঠের জমি ও বসতভিটা দখল করা হয়। এ ঘটনায় প্রতিকার চেয়ে তারা ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে অবৈধ দখলমুক্ত করে ভিটাবাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।
এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের ছোট ভাই আল-ইমরান, বোন তামান্না নাজনীন, চাচা মুনতাজ আলী, খিদির আলী, বাচ্চু মিয়া, চাচাতো ভাই মুহিদুল ইসলাম, লিয়াকত আলীসহ স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।