চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
আদালতের এই আদেশে রিমান্ডে নেওয়া মোবারক হোসেন ইমন ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।