বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা গোলরক্ষক ভোজিনহাকে নিয়ে দলবদলের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। চিলির ক্লাব কোলো-কোলো আনুষ্ঠানিকভাবে তাকে দলে নেওয়ার ঘোষণা দিলেও এখনো চিলিতে পৌঁছাননি তিনি। এই সুযোগে মরক্কোর ক্লাব আরএস বারকানের একটি প্রস্তাব চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।
পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি শাভেসের সঙ্গে ভোজিনহার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট। পরিকল্পনা অনুযায়ী, গত ৩০ জুলাই চিলিতে পৌঁছে কোলো-কোলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করার কথা ছিল তার।
তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্ধারিত সময়ে চিলিতে যাননি ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক চুক্তিতে সই করেননি। এই সুযোগটি কাজে লাগিয়ে তাকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে মরক্কোর আরএস বারকানে।
ভোজিনহার সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে বড় প্রভাব ফেলতে পারেন বারকানের কোচ বুবিস্তা। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে তার অধীনেই খেলেছে এবং জাতীয় দলের সাবেক এই কোচের সঙ্গে ভোজিনহার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে কোলো-কোলোর পরিবর্তে মরক্কোর ক্লাবটি বেছে নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে গোলপোস্টের নিচে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন ভোজিনিয়া। বিশেষ করে লিওনেল মেসির ফ্রি-কিক ঠেকানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভের কারণে তিনি আলোচনায় আসেন। বিশ্বকাপের সেই পারফরম্যান্স দেখেই তাকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছিল কোলো-কোলো।
চিলির ক্লাবটি এখনো চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী। এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়াকে স্বাগত জানিয়ে তারা আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছিল। তবে গোলরক্ষক চিলিতে এসে চুক্তিতে সই না করা পর্যন্ত তার গন্তব্য নিয়ে অনিশ্চয়তা বজায় থাকছে।