রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সোলেমান দেওয়ান (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শনির আখড়া পদচারী-সেতুর নিচের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পেশায় একজন স্টিলের আলমারি মিস্ত্রি ছিলেন।

নিহত সোলেমান দেওয়ানের শ্যালক লিটন ব্যাপারী জানান, পরিচিত এক রোগীকে হাসপাতালে ভর্তি করানোর জন্য গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন সোলেমান। রোগীকে হাসপাতালে ভর্তি করে তিনি যখন মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন, তখন শনির আখড়া এলাকায় পৌঁছে খবর পান যে ভর্তি করা রোগীটি হাসপাতালে মারা গেছেন। এই খবর পাওয়ার পর তিনি পুনরায় হাসপাতালের দিকে ফিরছিলেন। পথে শনির আখড়া পদচারী-সেতুর নিচের রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা সোলেমানকে উদ্ধার করে দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, "মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।"

নিহত সোলেমান দেওয়ানের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল মজিদ দেওয়ান। পরিবারে তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।