দেশের বাজারে অনার তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। কোম্পানির দাবি করা এই পাতলা ও হালকা নকশার ডিভাইসটিতে টেকসই নির্মাণ এবং উন্নত এআই সুবিধা থাকছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাজিক ভি৬ বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা বই-ধাঁচের ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভাঁজখোলা অবস্থায় এর পুরুত্ব মাত্র ৪ মিলিমিটার এবং ভাঁজ করা অবস্থায় ৮.৭৫ মিলিমিটার। ওজন প্রায় ২১৯ গ্রাম। গতকাল শনিবার অনার বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
পাতলা ও হালকা নকশার পাশাপাশি ডিভাইসটিতে আগের তুলনায় তিন গুণ বেশি শক্তিশালী হিঞ্জ যুক্ত করা হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় পরিদর্শন, যাচাইকরণ ও সার্টিফিকেশন কোম্পানি এসজিএসের পরীক্ষায় হিঞ্জটির ৫ লাখ বার পর্যন্ত ভাঁজ করা ও খোলার সক্ষমতা প্রমাণ হয়েছে বলে উল্লেখ করা হয়।
ভাঁজ করা অবস্থায় ফোনটি দেখতে ও ব্যবহার করতে অনেকটাই সাধারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির উজ্জ্বল ও মসৃণ ওএলইডি ডিসপ্লে। আর ফোনটি খুললে পাওয়া যাবে ৭.৯৫ ইঞ্চির বড় ভেতরের পর্দা, যা একসঙ্গে একাধিক কাজ করার জন্য উপযোগী।
কোম্পানির মতে, বড় ভেতরের পর্দাটিকে পেশাজীবীদের দৈনন্দিন কাজের জন্য কার্যকর একটি ওয়ার্কস্পেস হিসেবে ব্যবহার করা যাবে। একই পর্দায় স্প্লিট-স্ক্রিনে নোট নেওয়া থেকে শুরু করে অনলাইন সভায় অংশ নেওয়ার মতো কাজ সহজেই করা যাবে। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সংযোগের সীমাবদ্ধতাও কমিয়েছে ফোনটি। অ্যাপল ডিভাইসের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংযোগ করে এক ট্যাপেই ফাইল আদান-প্রদান করা যায়। ম্যাকবুকের সঙ্গেও সংযোগ করে ফোনের পর্দাকে দ্বিতীয় স্ক্রিন হিসেবেও ব্যবহার করা সম্ভব।
ম্যাজিক ভি৬-এ ৬,৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, ফোল্ডেবল ফোনে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় ব্যাটারিগুলোর একটি। ব্যাটারিতে ২৫ শতাংশ সিলিকন উপাদান ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।
ছবি তোলার জন্য এতে রয়েছে এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম। ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি ৬৪ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাযুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ফলে রাতের অনুষ্ঠান বা কম আলোতে আয়োজিত জমায়েতের ছবিও তুলনামূলকভাবে স্পষ্ট ও স্থিরভাবে তোলা যাবে বলে দাবি করা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে ১৬ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড চিপগুলোর একটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহারের কথা জানানো হয়।
ডিভাইসটির ক্ষেত্রে ফোল্ডেবল স্মার্টফোনগুলোর মধ্যে প্রথম বলে দাবি করা হয়েছে, যাতে একই সঙ্গে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং রয়েছে। এতে পানি ও ধুলাবালু থেকে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতেও বাড়তি সুরক্ষা দেবে বলে বলা হয়।
বাংলাদেশের বাজারে ফোনটি উন্মোচন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘প্রযুক্তি খাত সব সময়ই পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যায়। নতুন প্রযুক্তি গ্রহণের মানসিকতাও তাই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, ফোল্ডেবল ফোন ব্যবহারকারীদের নকশা, স্থায়িত্ব ও পারফরম্যান্সের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে, এমনটা হওয়া উচিত নয়। অনার ম্যাজিক ভি৬ তৈরির সময় আমরা বিষয়গুলোকে সমান গুরুত্ব দিয়েছি। ফোনটি পাতলা ও হাতে ধরতে স্বাচ্ছন্দ্যপূর্ণ করার পাশাপাশি এর স্থায়িত্বও নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ডিভাইস ও প্ল্যাটফর্মের সঙ্গে সহজে সংযোগ করে কাজ করার সুবিধা রাখা হয়েছে।’
কোম্পানির ঘোষিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের বাজারে ম্যাজিক ভি৬-এর দাম ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। ফোনটি লাল, সাদা ও সোনালি—এই তিন রঙে পাওয়া যাবে।