পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি এলাকায় লোকালয় সংলগ্ন একটি খালে লোনা পানির বিশাল এক কুমির কর্তৃক ছাগল শিকারের ঘটনা ঘটেছে। এই ঘটনার ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গত শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ঢাংমারি খালে এই ঘটনাটি ঘটে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খালের পানিতে একটি বিশাল কুমির মুখে ছাগল চেপে ধরে বারবার আছড়ে মারছে এবং পরবর্তীতে তা গিলে খাচ্ছে। ওই সময় খাল দিয়ে নৌকায় যাতায়াতকারী কয়েকজন এই দৃশ্য দেখে মুঠোফোনে ভিডিওটি রেকর্ড করেন।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন, "নৌকায় থাকা লোকজনের ধারণ করা ভিডিওটি তারা দেখেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সুন্দরবনসংলগ্ন এলাকায় কুমিরের বিচরণ বাড়লেও লোকালয়সংলগ্ন খালের পাড় থেকে গবাদিপশু ধরে নিয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।"
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনের নদী ও খালে লোনা পানির কুমিরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বন সংলগ্ন এলাকায় গবাদিপশু চরানো, খালের পাড়ে যাওয়া কিংবা পানিতে নামার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।