রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাত সাড়ে নয়টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, "রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ওপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি।"
তিনি আরও উল্লেখ করেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত কথা হয়। সবশেষে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, "দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন এবং কবে নির্বাচন হবে—সব দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে।"
এদিকে, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ এবং এ জেড এম জাহিদ হোসেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।