ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক দীপ্তি সাহা পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি উক্ত বিভাগের ১৭তম বিভাগীয় প্রধান ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সকালে নাশতার সময় শ্বাসনালিতে খাবার আটকে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবাণীতে উপাচার্য বলেন, "অধ্যাপক ড. দীপ্তি সাহা একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।"
প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করে উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল বিকেলে শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়। সেখানে উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে পোস্তগোলার শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
নারায়ণগঞ্জের এনায়েতনগরের হরিয়ারপাড়ায় তাঁর বাড়ি। তিনি ভাই, বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজ শনিবার দীপ্তি সাহার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।