রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খেলাল মিয়াকে (৫৩) মাদক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি অশোক কুমার চৌহান জানান, শুক্রবার রাতে হারাগাছ পৌর এলাকার হক বাজারে একটি মোটরসাইকেল মেকারের দোকানের পেছনে মাদক সেবনের প্রস্তুতির সময় খেলাল মিয়াকে আটক করা হয়। তল্লাশির সময় তার প্যান্টের পকেট থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করার পর শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গত ১ জুলাই হারাগাছ থানায় দায়ের করা একটি মাদক মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি খেলাল মিয়া। এছাড়া হারাগাছ ও গঙ্গাচড়া থানায় মাদকসহ বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

এই প্রসঙ্গে রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক বলেন, "খেলাল মিয়া দলীয় পদে রয়েছেন। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবহিত নন।"