জুলাই অভ্যুত্থানের পর বিপুল জনআকাঙ্ক্ষার মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার তিনটি প্রধান ক্ষেত্র চিহ্নিত করেছেন ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তাঁর মতে, এই সরকারের অন্যতম ব্যর্থতা হলো তরুণ প্রজন্মের মধ্যে ক্ষমতার লোভ তৈরি করা।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম 'সোয়াস অ্যান্টি–করাপশন এভিডেন্স'-এর আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান এবং অধ্যাপক পল্লবী রায় এক-এগারো এবং জুলাই অভ্যুত্থান বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান বলেন, মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে। ‘ক্ষমতার লোভটাই’ তাদেরকে শিখিয়ে দিয়েছে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে তরুণদের মধ্যে ক্ষমতার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে।

সাবেক এই উপদেষ্টা মনে করেন, ইউনূস সরকার তরুণদের যথাযথ দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। এর প্রভাবে সমাজে শিক্ষাকে কম গুরুত্বপূর্ণ মনে করার একটি প্রবণতা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার তিনটি প্রধান ক্ষেত্র হিসেবে তিনি আমলাদের সরকারে যুক্ত করা, তরুণদের ভুল দিকনির্দেশনা দেওয়া এবং নিজেদের সংস্কার পরিকল্পনা নিজেই বর্জন করার কথা উল্লেখ করেন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রসংস্কারের যে দাবি উঠেছিল, আমলাতন্ত্রের সঙ্গে সরকারের আপস তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে তিনি মনে করেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, "অন্তর্বর্তী সরকার বুঝতে পারেনি কোন মুহূর্তে সাহসী ও মৌলিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা শুরু থেকেই রক্ষণশীল ও নিরাপদ পথ বেছে নেয়। পুরোনো আমলাতান্ত্রিক কাঠামো ভাঙার বদলে একই ধরনের আমলাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়। যার ফলে কাঙ্ক্ষিত পরিবর্তনের বদলে আগের ব্যবস্থাই কার্যত বহাল থাকে।"

সাবেক উপদেষ্টা আরও দাবি করেন, সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের মুখে কথা থাকলেও সেখানে আন্তরিকতার অভাব ছিল, যার ফলে সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। তিনি বলেন, "ইউনূস সরকার সংস্কার শব্দটা চালু করেছে। অথচ তাদের নিজেদের তৈরি করা সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে, কিছুই তারা দেখেনি। ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে। তারা একটা ‘রিফর্ম গেম’ খেলেছে।"

উল্লেখ্য, ২০০৭ সালে রাজনৈতিক সংকটের মুখে জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ছিলেন হোসেন জিল্লুর রহমান। প্রায় দুই দশক পর ২০২৪ সালে তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। গত ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করলে বিএনপি ক্ষমতায় আসে।