বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আতিয়ার রহমান (৩৫), তিনি যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সেপটিক ট্যাংকের দেয়াল গাঁথুনির সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এতে আতিয়ার ও নয়ন নামের দুই শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আতিয়ারের মরদেহ উদ্ধার করে। আহত নয়নকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, "৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। তবে বৃষ্টি ও উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়।"

এই বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, "মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"