সারাদেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭২ জন।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫১ জন। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১৬ হাজার ১৮০ জন।

হাসপাতালে ভর্তির তথ্যে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

মৃত্যুর পরিসংখ্যানের বিষয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।