ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হাসান নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম আগানগর এলাকার বাঁশপট্টি বেড়িবাঁধ এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত হাসান (১৭) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দী গ্রামের জয়নাল মিয়ার ছেলে। জানা গেছে, জীবিকার তাগিদে তিনি ঢাকায় এসে একটি ওয়াশিং কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী এবং নিহতের পরিবারের সদস্যদের দেওয়া তথ্যানুযায়ী, ঘটনার সময় হাসান ওই এলাকায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এসময় সাগর ও রিফাতসহ ৬ থেকে ৭ জন যুবক সেখানে এসে তাকে সিগারেট খাওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর অভিযুক্তরা হাসানের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধীন মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন যুবক হাতে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। পরবর্তীতে হাসানের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, “সিগারেট কেন খেয়েছ”—এ প্রশ্নকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। পরে হামলাকারীরা হাসানের ওপর চড়াও হয়ে তাকে ছুরিকাঘাত করে।

এই ঘটনায় নিহতের পরিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাগর ও রিফাতসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করছি, দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”