চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের কন্যা সন্তানকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নিলুফা বেগম (২৯) নামে এক নারী। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত নিলুফা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী। তার ১০ বছর বয়সী নিরব নামে এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি যখন দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করছিল, ঠিক সেই মুহূর্তে নিলুফা বেগম তার চার বছরের কন্যাকে প্ল্যাটফর্মে রেখে হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিক জানান, "প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ওই নারী দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। অতিরিক্ত মানসিক অস্থিরতা ও বিষণ্নতা থেকেই তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন।"
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।