শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি শিক্ষাসেক্টরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চবিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে ‘মিড-ডে মিল’ চালু করা একটি নতুন উদ্যোগ বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যৎ জীবনে তাদের একাধিক পেশা বাছাইয়ের সুযোগ থাকে, সে লক্ষ্যে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।”

শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরের গুরুত্ব তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম প্রাথমিক স্তরে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তায় বৃত্তির সুবিধাও চালু করা হয়। কাজেই শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের সূচনা হতে হবে প্রাথমিক স্তর থেকেই, যা ধীরে ধীরে সব স্তরে ছড়িয়ে পড়বে।”

স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা পূরণের বিষয়ে ভাবনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যান্য বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।