ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতিগুলো সংরক্ষণের লক্ষ্যে রং করা ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানানো, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ১, ২ ও ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রং করা ও পুনর্লিখনের কাজ চলবে। এই প্রক্রিয়ায় নিবন্ধিত শিক্ষার্থী এবং শিল্পীরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, "জুলাইয়ের গ্রাফিতিগুলো ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন করছে। জনমনে সেই সরকারের নির্যাতন-নিপীড়নের স্মৃতি জাগিয়ে রাখতেই এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "জুলাই-আগস্টে দেশপ্রেমিক ছাত্র-ছাত্রীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে শেখ হাসিনার জুলুম, নির্যাতন ও আক্রোশের চিত্র তুলে ধরেছিলেন। এসব গ্রাফিতি এখন দেশের জীবন্ত ইতিহাসে পরিণত হয়েছে।"
ভবিষ্যতে দেশে যেন আর ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।