চট্টগ্রামের পটিয়ায় কলা চুরিকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীরপাড়া নতুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তোহার বাড়ির একটি গাছ থেকে কলা চুরি হওয়া নিয়ে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এই কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয় এবং এতে তোহা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে। এসময় পালানোর চেষ্টা করার সময় এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে (২৯) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা বর্তমানে পলাতক রয়েছেন।
নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে সংঘর্ষের একপর্যায়ে তোহাকে পিটিয়ে এবং লোহার রড দিয়ে আঘাত করা হয়। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে। প্রাথমিকভাবে বিরোধের মূল সূত্রপাত সম্পর্কে পুরো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, "মোহাম্মদ তোহা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। পেশাগত জায়গায় তিনি সবার প্রিয় ছিলেন। আমরা এ নৃশংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তোহার পরিবারের ন্যায়বিচার সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি।"