দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আরও এক মেয়াদের জন্য এই দায়িত্ব পেলেন।
শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দিনের নাম থাকায় সাফের গঠনতন্ত্র অনুযায়ী কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে তাকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়।
সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো নির্দিষ্ট পদে প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা তার কম হলে ভোটগ্রহণের প্রয়োজন হয় না; সেক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমেই সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হন। এই বিধানেই নতুন মেয়াদে দায়িত্ব নিশ্চিত করেছেন সালাউদ্দিন।
২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশের সাবেক এই ফুটবল তারকা। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র থেকে ৭০ বছর বয়সসীমার বিধান বাতিল করা হয়। ফলে বর্তমানে ৭১ বছর বয়সি কাজী সালাউদ্দিন নতুন মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন।
নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাহী কমিটির সদস্যের দায়িত্ব পালন করবেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।
বাফুফের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও আঞ্চলিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফের নেতৃত্ব ধরে রাখলেন কাজী সালাউদ্দিন। নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার নেতৃত্বে শুরু হবে টানা পঞ্চম মেয়াদ।