ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা একক কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নয়, বরং এটি দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যদের ছোট করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আতিকুর রহমান রুমন এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রামের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন, নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। আবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন। কিন্তু তারা কখনো ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে নিজেদের কৃতিত্ব দাবি করেননি।"

নিজেকে জাহির করার প্রবণতাকে সমালোচনা করে তিনি আরও বলেন, "নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি যে, তারাই একাই সব করেছে। যারা আজ একক কৃতিত্বের দাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাদের স্থান দেবে না।"

জুলাই আন্দোলনে সাংবাদিকদের সাহসী ভূমিকার কথা স্মরণ করে আতিকুর রহমান রুমন বলেন, "জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের মোটরসাইকেল ও গাড়িতে তুলে আমাকেসহ বিএনপির অনেক নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।"