চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ তোহা (৪৫)। তিনি ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং পটিয়া ‘অ্যাডভোকেট ক্লার্কস’ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, ‘কলা চুরির বিষয়ে তোহা রাস্তায় প্রতিবেশী এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসা করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে কিল-ঘুষি ও টর্চলাইটের আঘাতে তোহার মৃত্যুর এ ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মোহাম্মদ তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হয়। এ নিয়ে তিনি প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সন্দেহ করেন। এরপর রাতে চুরির বিষয়ে জানতে মোহাম্মদ তোহা এজাহার মিয়ার বাড়িতে যান। কথা–কাটাকাটির একপর্যায়ে মারধর শুরু হলে গুরুতর আহত অবস্থায় তোহাকে পটিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশার চালক মহিউদ্দিন মুক্তকণ্ঠের কাছে দাবি করেন, রাতে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে ঝগড়া হচ্ছে দেখতে পান। তিনি বলেন, এজাহার মিয়ার ঘর তল্লাশি করতে চেয়েছিলেন মোহাম্মদ তোহা। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয় এবং তোহা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি তোহাকে হাসপাতালে নিয়ে যান।
নিহত ব্যক্তির ভগ্নিপতি মোহাম্মদ সুমন অভিযোগ করেন, এজাহার মিয়ার পরিবারের সদ্যসরা গাছের কলা চুরি করেছে এবং এ ঘটনার প্রত্যক্ষদর্শী আছে।
এদিকে ঘটনাপর স্থানীয় বাসিন্দারা এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক।