২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর বর্তমানে আন্তর্জাতিক ফুটবল থেকে বিরতিতে রয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের মাঠে ফেরার সম্ভাব্য সময় জানা গেলেও, তারা কার বিপক্ষে খেলবে তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

ফিফার আন্তর্জাতিক ম্যাচের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে পুনরায় মাঠে নামবে আর্জেন্টিনা। এই সময়সীমার মধ্যে তাদের দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত এই ম্যাচ দুটির প্রতিপক্ষ, নির্দিষ্ট তারিখ, সময় কিংবা ভেন্যু সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছে যে, ২৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে মেক্সিকো এবং ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে কোনো নির্ভরযোগ্য আর্জেন্টাইন সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই সূচির সত্যতা নিশ্চিত করা হয়নি।

বরং মেক্সিকান ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, মেক্সিকোর বিপক্ষে ম্যাচের দাবিটি ভুল। তাদের সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বাল্টিমোরে কলম্বিয়ার বিপক্ষে খেলবে মেক্সিকো। এরপর ২৯ সেপ্টেম্বর পেরু এবং ৬ অক্টোবর চিলির মুখোমুখি হবে তারা। ফলে একই দিনে লস অ্যাঞ্জেলেসে আর্জেন্টিনার বিপক্ষে খেলা তাদের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের ম্যাচ নিয়ে এএফএ বা যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের সূচিটি বিশ্বাসযোগ্য নয় বলে মনে করা হচ্ছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও টিএন জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ, ভেন্যু ও নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।

এর পর ৯ থেকে ১৭ নভেম্বর আরেকটি আন্তর্জাতিক বিরতি রয়েছে, যা ২০২৬ সালে আর্জেন্টিনার ম্যাচ খেলার শেষ সুযোগ হবে। তবে ওই সময়ের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।