ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যান।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পাটুলী গ্রামের রিপন মিয়ার ছেলে জোবায়েদ হোসেন (৮) ও শামিম হোসেন (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা ধুতে পানিতে নামে। সেই সময় ছোট ভাই শামিম পানিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, "ছোট ভাই শামিম পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়।"
কিছুক্ষণ পর দুই ভাইয়ের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাদের মা পুকুরপাড়ে এসে এক শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে ওঠেন। এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শুক্রবার পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ-সংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
এই বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, "পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।"