চট্টগ্রামের আনোয়ারায় একটি চারতলা ভবনের সিঁড়ির রেলিং থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুটি আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। তবে তারা বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার ওই ভবনে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে চারতলা ভবনের সিঁড়ির রেলিংয়ে উঠে খেলছিল আবির। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জাহিদুল হাসান জানান, "শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।" তিনি আরও জানান, শিশুটির শরীরের বিভিন্ন জায়গা থেঁতলানো ছিল।

অন্যদিকে, আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন বলেন, "ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলার সময় শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"