ফেনীর ফুলগাজী উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে গেছে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান। শনিবার (১ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ফেনী থেকে মুরগি বোঝাই করে পিকআপটি ফুলগাজীর দিকে যাচ্ছিল। বন্দুয়া ব্রিজসংলগ্ন চিড়া-মুড়ি ফ্যাক্টরির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ গাড়ির ব্রেক বিকল হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যেই সেটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, "আমরা দুর্ঘটনাটির খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ বলতে পারব।"