শ্রাবণ সন্ধ্যার আমেজে বাঁশির সুরের মূর্ছনায় শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখলেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ক্লাবের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এরপর ওস্তাদ আজিজুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদসহ ক্লাবের সদস্য, তাঁদের পরিবার এবং সংগীতাভ্যাসী শ্রোকবৃন্দ।

পরিবেশনার শুরুতে রাগ শ্যাম কল্যাণে সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন ওস্তাদ আজিজুল ইসলাম। পরবর্তীতে তিনি ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ বাজান। এরপরের পরিবেশনায় ছিল রাগ হংসধ্বনি। এছাড়া রাগ জয়-জয়ন্তী, মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন এবং আরও কয়েকটি রাগ সংক্ষেপে পরিবেশন করেন তিনি। সবশেষে দরবারি কানাড়া ও চারুকেশি রাগের বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাঁশির অপূর্ব সুর ও মুর্ছনার রেশ নিয়ে শ্রোতারা যখন মিলনায়তন ত্যাগ করছিলেন, তখন তাঁরা এমন চমৎকার আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।