সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকা থেকে তার মরদেহটি পাওয়া যায়।

নিহত পিয়ার আলী গাজী কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান পিয়ার আলী। নির্ধারিত সময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারাও এই অনুসন্ধানে অংশ নেন। তবে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি।

অবশেষে শুক্রবার রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় অন্য এক জেলে মরদেহ ভাসতে দেখেন। তিনি বিষয়টি পিয়ার আলীর ছেলে আব্দুস সবুরকে ফোনে জানালে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে তারা নিশ্চিত করেন যে এটি নিখোঁজ পিয়ার আলী গাজীর মরদেহ।

এই বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"