ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে গাড়ি চালিয়ে পরিদর্শনে নামলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এই পরিদর্শনের সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার খোঁজ নেন। পরিদর্শনকালে বেশ কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, শুক্রবার বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়ি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরার ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট সড়ক, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড ও জাপান গার্ডেন সিটি এলাকা প্রদক্ষিণ করে।
এরপর শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী হয়ে সন্ধ্যায় তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।
এই পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।