টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির চেষ্টার অভিযোগে এক ব্যক্তির পিটুনিতে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে কদিমধল্যা ও কাটরা গ্রামের সীমান্তবর্তী এলাকায় নির্মাণাধীন বিআরটিএর রোড অপারেশনাল ইউনিটে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শুকুর আলী (২৫)। তিনি কালিহাতী উপজেলার নারিন্দা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিরাপত্তাপ্রহরী খোকন শেখ আহত হয়েছেন। তাঁকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খোকন মির্জাপুরের আছিমতলায় থাকেন, তবে তাঁর মূল বাড়ি সিরাজগঞ্জে। মির্জাপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম জানিয়েছেন, খোকনের মাথায় আঘাত লেগেছে এবং সেখানে সেলাই দিতে হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় ৬ থেকে ৭ জনের একটি দল পিকআপে করে রোড অপারেশনাল ইউনিটে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাপ্রহরী বাধা দিলে তাঁকে মারধর করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও মহাসড়কের সার্ভিস লেন দিয়ে চলাচলকারী মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়, তবে শুকুর আলীকে আটক করে স্থানীয় বাসিন্দারা পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত খোকনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুকুর আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "ঘটনাস্থলে ঠিক কী ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।" স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সেখানে প্রবেশের চেষ্টা করেছিলেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, নিহত শুকুর আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা রয়েছে। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।