রাজধানীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার সামগ্রিক নগর ব্যবস্থাপনা খতিয়ে দেখতে নিজে গাড়ি চালিয়ে পরিদর্শনে নামে প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনের সময় তিনি শহরের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, বৃক্ষরোপণ ও সবুজায়নের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তবে বেশ কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বিকেলে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলামকে তলব করেন। এরপর বিকেল চারটার দিকে তাঁদের সঙ্গে নিয়ে তিনি ঢাকা উত্তর সিটির আওতাধীন বিভিন্ন এলাকায় পরিদর্শনে বের হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িটি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট সড়ক, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা ঘুরে দেখে। পরিদর্শন শেষ করে সন্ধ্যায় তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।

এই পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটির প্রশাসক ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।