হাওরাঞ্চলে উড়াল সড়ক নির্মিত হলে সুনামগঞ্জের সাথে নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি মনে করেন, এই প্রকল্পের ফলে জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরের সড়ক যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি ঘটবে। এর মাধ্যমে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরপাড়ের উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাওরের পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "প্রকল্পটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে হাওরের জীববৈচিত্র্য পুরোপুরি সংরক্ষিত থাকে এবং স্থানীয় মানুষের বসতবাড়ির কোনো ক্ষতি না হয়।"

তিনি আরও জানান, পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া এই প্রকল্পের আওতায় জামালগঞ্জে সুরমা নদীর ওপর একটি বড় সেতুও নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের গুণগত মান এবং বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্প শেষ করার নির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী এবং উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।