নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই আমন্ত্রণে বাংলাদেশি প্রধানমন্ত্রীকে বিমসটেকের সভাপতি হিসেবে সম্বোধনের বিষয়টি সামনে আসার পর তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
আজ শুক্রবার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে জিজ্ঞাসা করেন। সাংবাদিক বলেন, ‘বাংলাদেশ থেকে কিছু মন্তব্যে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তাঁর পদবি “প্রধানমন্ত্রী” ব্যবহার করা হয়নি, “বিমসটেকের চেয়ার” হিসেবে সম্বোধন করা হয়েছে, যা তারা অপমানজনক বলে মনে করছে। এ বিষয়ে কি একটু স্পষ্ট করবেন যে তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণটি কেমন ছিল?’
প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে রণধীর জয়সোয়াল বলেন, ‘ব্রিকস-এর আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ এবং কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য (আপডেট) দেব।’
ব্রিফিংয়ে আরেক সাংবাদিক ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন তোলেন। সাংবাদিক বলেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছেন এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রীসহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। আমার প্রশ্ন হলো, এমন কোনো প্র্যাকটিস আছে কি না যে মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন? কারণ, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতও। এমন কোনো মাধ্যম কি আছে, যার মাধ্যমে আপনারা জানতে পারেন যে তিনি বিভিন্ন দেশে কী করছেন, নাকি তিনি ভারতীয় আয়োজকদের সঙ্গে আলোচনা ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন?’
এর জবাবে জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেওয়া উচিত; কারণ, এটি ওই দুই দেশের বিষয়।’
এরপর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে এক সাংবাদিক বলেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আজ সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন। আশা করি, আপনি এই বৈঠকের বিষয়ে অবগত আছেন। সেখানে কী ধরনের আলোচনা বা মতবিনিময় হয়েছে, সে সম্পর্কে কি কিছু জানাতে পারবেন?’
এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের সাক্ষাতের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে আমি কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাব।’