সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে কেন্দ্র করে ভাইরাল হওয়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তার অভিযোগ, পরিকল্পিতভাবে ব্যক্তিগত ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাহিমিন মারিয়া এলিন জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। শৈশবে বাবা-মাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি রেস্টুরেন্টে একটি সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি তোলা হয়। পরবর্তীতে প্রতিমন্ত্রীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে, সেই ভিডিওর সঙ্গে তার ছবিটি জুড়ে দিয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ভিন্ন পরিচয় দিয়ে প্রচার করা শুরু হয়।

সংবাদ সম্মেলনে মারিয়া এলিন বলেন, "ভাইরাল হওয়া ভিডিওর নারী আমি নই এবং আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নই। অথচ আমাকে কখনো ভিন্ন ধর্মের, আবার কখনো ভিন্ন পরিচয়ের ব্যক্তি হিসেবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে আমার ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

তিনি আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েকদিন আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ছবিটি পোস্ট করেছিলেন। পরে অপপ্রচারের আশঙ্কা করে তিনি ছবিটি মুছে ফেলেন। তবে তার আগেই কেউ বা কারা ছবিটি সংরক্ষণ করে এই অপপ্রচারে ব্যবহার করেছে বলে তিনি মনে করেন।

রাহিমিন মারিয়া এলিন বলেন, "এ ঘটনার পর থেকে আমি চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি এবং স্বাভাবিকভাবে বাইরে চলাফেরা করতেও সংকোচ বোধ করছি।"

ঘটনার সঙ্গে জড়িত সাইবার অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই তরুণী।