টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ডিসি লেককে পরিচ্ছন্ন করে একটি মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিসি লেকের পরিবেশ পুনরুদ্ধারে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনা জানান।
প্রতিমন্ত্রী বলেন, "ডিসি লেক শুধু বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
পর্যায়ক্রমে পুরো লেকটি পরিষ্কার করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, "ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র এবং সংলগ্ন চর এলাকাকে একটি বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।"
সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে এলাকাটি পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, "সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে নিয়ে আমি এখানে এসেছিলাম। তিনি চর এলাকার পাশাপাশি ডিসি লেক এলাকাও পরিদর্শন করেছেন।"
নির্বাচনের আগে করা অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "নির্বাচনের আগে আমি টাঙ্গাইলে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার অঙ্গীকার করেছিলাম। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। ডিসি লেককে সুন্দর ও ব্যবহার উপযোগী করে তুলতে পারলে টাঙ্গাইলবাসী একটি আধুনিক বিনোদনকেন্দ্র পাবে। একই সঙ্গে লেকে মাছ চাষ করা হবে, যার সুফলও স্থানীয় মানুষ ভোগ করবেন।"
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জমে থাকা কচুরিপানা ও ময়লা অপসারণ কার্যক্রমে নিজে অংশ নেন। পাশাপাশি সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাধারণ মানুষ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় লেকের বিভিন্ন অংশ থেকে কচুরিপানা ও ময়লা অপসারণের কাজ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফি প্রমুখ।