স্কুল ইউনিফর্ম পরা কাঁধে ব্যাগ নিয়ে বিদ্যালয় থেকে একা ফিরছিল দ্বিতীয় শ্রেণির এক ছয় বছর বয়সী মেয়েশিশু। সেই সময় দুই তরুণ কখনো তার পথ আগলে দাঁড়ান, আবার কখনো হাত ধরে টানাটানি শুরু করেন। আর অন্য এক তরুণ পুরো ঘটনার ভিডিও ধারণ করছিলেন। টিকটকের জন্য ভিডিও বানাতে এভাবে একটি শিশুকে উত্ত্যক্ত করার ঘটনায় ফেনীতে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানার পুলিশ মোজাম্মেল হোসেন (২০) নামের ওই তরুণকে গ্রেপ্তার করে। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৈশাইল গ্রামের মনির হোসেনের ছেলে। তবে বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে ফেনী সদরের উত্তর সিলোনিয়া এলাকায় বসবাস করছেন তিনি।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দুপুরে এই ঘটনা ঘটে। শিশুটিকে উত্ত্যক্ত করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত বৃহস্পতিবার বিকেলে তিন তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

পুলিশ জানিয়েছে, মামলার পর রাতেই মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই মামলার অপর দুই আসামি হলেন ফেনী সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ সালমান (২০) এবং সাত্রাসিদ্ধি গ্রামের মনির আহাম্মদের ছেলে মোহাম্মদ মাহফুজ (১৯)।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ মুক্তকণ্ঠকে বলেন, "গ্রেপ্তার আসামিকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।"