মুক্তকণ্ঠতে টাঙ্গাইলের ডিসি লেকের জরাজীর্ণ অবস্থা, পানা ও ময়লা-আবর্জনার স্তূপ নিয়ে সংবাদ প্রকাশের পর জলাশয়টি পরিষ্কার ও পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ জুলাই) সকালে টাঙ্গাইল ডিসি লেক পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী লেকের বর্তমান অবস্থা ও সার্বিক পরিবেশ খতিয়ে দেখেন। তিনি নিজের হাতে লেকের জমে থাকা পানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, "শহরের গুরুত্বপূর্ণ এই ডিসি লেক জলাশয়কে পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি লেকের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি আরও বলেন, "পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডিসি লেক তার আগের সৌন্দর্য ফিরে পাবে এবং নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।"

দীর্ঘদিন অবহেলার কারণে লেকটিতে পানা জমে গিয়েছিল এবং বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হচ্ছিল। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

পরিচ্ছন্নতা অভিযানে বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। ওই সময়ে টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।