সাভারের আশুলিয়ায় একটি দোকানের সামনে থেকে উদ্ধার করা বোমাসদৃশ বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন ভোরে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খেজুরবাগান এলাকার হৃদয় চাকমা নামের এক ব্যক্তির দোকানের সামনে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তারা সেটি খুলে দেখেন এবং ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন।
ঘটনা প্রসঙ্গে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, "বস্তুটি হাতে তৈরি (হ্যান্ডমেড) বোমা হতে পারে। তবে এটি ঠিক কী ধরনের বিস্ফোরক ও এর পেছনে কাদের হাত রয়েছে তা তদন্ত দেখা হচ্ছে।"