পরিবেশ দূষণ রোধ এবং টেকসই জ্বালানির সন্ধানে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক। বর্জ্য প্লাস্টিক থেকে উচ্চ মানের হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার ইওহা ওমেন্স ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানীরা। এই পদ্ধতির বিশেষত্ব হলো, প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে বাছাই করার ঝামেলা ছাড়াই সরাসরি হাইড্রোজেন উৎপাদন করা সম্ভব। গবেষণার বিস্তারিত ফলাফল পিএনএএস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় 'অ্যালকালাইন থার্মাল ট্রিটমেন্ট' বা 'এটিটি' (ATT) নামক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে সামুদ্রিক শৈবাল থেকে হাইড্রোজেন তৈরির জন্য এই প্রযুক্তি উদ্ভাবিত হয়েছিল। বর্তমান গবেষণায় পলিইথিলিন টেরেফথালেট (পিইটি), পলিইথিলিন (পিই) এবং পলিপ্রোপিলিনের (পিপি)-এর মতো বহুল ব্যবহৃত মিশ্র প্লাস্টিক বর্জ্য নিয়ে পরীক্ষা চালানো হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তাপের সমন্বয়ে কোনো প্রকার বাছাই প্রক্রিয়া ছাড়াই ৯০ শতাংশের বেশি বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস তৈরি করতে সক্ষম হয়েছেন তাঁরা।

সাধারণত প্লাস্টিক রিসাইকেল বা পুনর্ব্যবহার প্রক্রিয়ায় বর্জ্য আলাদা করা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। ফলে বিশ্বজুড়ে উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ রিসাইকেল করা সম্ভব হয়। নতুন এই উদ্ভাবন সেই জটিলতা দূর করেছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ার আ-হিউং পার্ক বলেন, "আমরা একই সঙ্গে দুটি জরুরি বৈশ্বিক সমস্যার সমাধান করছি। প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক হারে জমা হচ্ছে। অন্যদিকে জ্বালানি থেকে কার্বন দূর করতে পরিচ্ছন্ন হাইড্রোজেন অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রযুক্তি একটি সৃজনশীল এবং কার্যকর উপায়ে উভয় চ্যালেঞ্জের মোকাবিলা করে।"

প্রচলিত হাইড্রোজেন উৎপাদন পদ্ধতির তুলনায় এই নতুন কৌশলে দুটি প্রধান সুবিধা রয়েছে। প্রথমত, এতে প্রচলিত পদ্ধতির চেয়ে ৩০০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা প্রয়োজন হয়। দ্বিতীয়ত, উপজাত হিসেবে উৎপন্ন কার্বনের ৭৫ শতাংশই কঠিন পদার্থ হিসেবে আটকে রাখা যায়, ফলে তা বাতাসে মিশে পরিবেশের ক্ষতি করে না।

গবেষকদের মতে, সরাসরি কার্বন ডাই–অক্সাইড নির্গমন উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার সক্ষমতা এই প্রযুক্তিকে প্রচলিত প্রক্রিয়ার চেয়ে অধিক পরিবেশবান্ধব করে তুলেছে। তবে পিই এবং পিপি প্লাস্টিক সাধারণ প্রক্রিয়ায় সহজে বিক্রিয়া করে না বলে সেগুলোকে আগে থেকে গরম ও অক্সিডাইজড করা হয়েছিল, যাতে রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে সহজেই হাইড্রোজেন পাওয়া যায়।

দক্ষিণ কোরিয়ার ইওহা ওমেন্স ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট উ-জায়ে কিম বলেন, "বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে প্লাস্টিক বাছাইয়ের খরচ এবং প্রক্রিয়ার জটিলতা বড় বাধা ছিল। অ্যালকালাইন থার্মাল ট্রিটমেন্ট প্রযুক্তি সেই বাধা দূর করেছে।"

বোতল, প্লাস্টিকের ব্যাগ, স্ট্র কিংবা পাত্রে ব্যবহৃত খনিজ তেলভিত্তিক প্লাস্টিক পরিবেশের চরম ক্ষতি করে। অন্যদিকে, প্রচলিত হাইড্রোজেন উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করতে হয়, যা প্রচুর কার্বন নির্গত করে। বিজ্ঞানীদের বিশ্বাস, এই নতুন পদ্ধতি বাণিজ্যিকভাবে সফল হলে পৃথিবীর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অনেকাংশে হ্রাস পাবে।