বান্দরবানের রুমা উপজেলায় একটি পাহাড়ি খাদ থেকে মোটরসাইকেলসহ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বগা লেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩১) ও রোকাইয়া আক্তার (৩০)। রোকাইয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার রাজপুর গ্রামের চুন্নু গাজীর মেয়ে এবং তিনি ঢাকার লালবাগ এলাকায় বসবাস করতেন। অন্যদিকে, মো. জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মনিকা গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে ১০ সদস্যের একটি পর্যটক দল কেওক্রাডং সড়ক হয়ে বগা লেকে যান। তাঁদের সঙ্গে মোহাম্মদ ইসমাইল নামের একজন ট্যুর গাইডও ছিলেন। পরবর্তীতে তাঁরা রুমার উদ্দেশ্যে রওনা হন। দলের বাকি আটজন রুমায় পৌঁছালেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তারকে পাওয়া যায়নি। বিষয়টি ট্যুর গাইড স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে জানালে তল্লাশি শুরু হয়। অবশেষে রাত সাড়ে ১১টার দিকে পাহাড়ি খাদ থেকে মোটরসাইকেলসহ তাঁদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।
ঘটনা প্রসঙ্গে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাড়া পাহাড়ি সড়কে দ্রুতগতিতে চালানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"